শনিবার ১৩ জুন ২০২৬
Online Edition

শিক্ষকদের সাথে মতবিনিময় শিক্ষার্থীদের মটিভেশনাল শিক্ষা দিতে হবে---মাওলানা আবুল কালাম আজাদ

খুলনা ব্যুরো: বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও খুলনা অঞ্চল সহকারী পরিচালক মাওলানা আবুল কালাম আজাদ বলেন, নৈতিক ও সামাজিক মূল্যবোধসম্পন্ন মানুষ দেশ ও জাতির গর্ব। সমাজের এই ধরনের মানুষের সংখ্যা যত বাড়বে সেই সমাজ ও জাতির গৌরব ততই বৃদ্ধি পাবে। সুতরাং আমাদের প্রত্যেকেরই নৈতিকতার চর্চা করা উচিত। নৈতিক মূল্যবোধের অভাব হলে সমাজে অশান্তি দেখা দেয়। সামাজিক অসাম্য, অবিচার, সীমাহীন দুর্নীতি ইত্যাদি বিশৃঙ্খল পরিস্থিতি সমাজজীবনকে বিপর্যস্ত করে তোলে, যার ফলে মানবকল্যাণ ব্যাহত হয়। যুদ্ধগ্রহ, হত্যা, লুন্ঠন ও সন্ত্রাস বেড়ে যায়। নৈতিক ও সামাজিক মূল্যবোধের অভাব আছে বলেই বর্তমানে বিশ্বজুড়ে অশান্তি ও নৈরাজ্য বিরাজ করছে। এমতাবস্থায় প্রত্যেকের উচিত নৈতিক মূল্যবোধের চর্চা করা। ধর্মীয় শিক্ষার পাশাপাশি নৈতিক শিক্ষা জোরদার করতে হবে। শিক্ষার্থীদের সকল পর্যায়ে পাঠ্য বইয়ের পাশাপাশি সৃজনশীল পাঠে উদ্বুদ্ধ করতে হবে। মানুষ ও প্রকৃতির প্রতি যাতে মমত্ববোধ জন্মায় তার জন্য শিক্ষার্থীদেরকে মটিভেশনাল শিক্ষা দিতে হবে বলে তিনি উল্লেখ করেন। গতকাল বুধবার সকালে খুলনা জেলার পাইকগাছা উপজেলার কপিলমুনি সহচরী বিদ্যামন্দির, হরিদাশকাটি বেগম জালাল বালিকা বিদ্যালয়, উলুডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়, হরিঢালী কপিলমুনি মহিলা কলেজসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান সফরকালে শিক্ষক-শিক্ষিকাদের সাথে মতবিনিময়ে তিনি এসব কথা বলেন। 

এ সময় পাইকগাছা উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মো. আলতাফ হোসেন, সহকারী সেক্রেটারি মাওলানা বুলবুল আহম্মদ, ২নং কপিলমুনি ইউনিয়ন আমীর মো. রবিউল ইসলাম, ১নং হরিঢালী ইউনিয়ন আমীর মাওলানা হুসাইন আহম্মদ, সেক্রেটারি মো. মশিয়ার রহমান, আবুল কাশেম হাজরা, মো. ওমর আলী, মাওলানা আবুল কাশেম সিদ্দিকী, মো. জামাল হোসেন, মো. আসলাম বিশ্বাস, ওবায়দুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

অনলাইন আপডেট

আর্কাইভ